দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার মদন উপজেলার হাওরে বোরো ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করেছেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার গোবিন্দশ্রী হাওরে হারভেস্টার মেশিনের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন শেষে স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন বাবর। এ সময় তিনি কৃষকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
তিনি বলেন, অতিবৃষ্টির কারণে হাওরের বিভিন্ন এলাকায় পানি জমে থাকায় কোথাও কোথাও বাঁধ কেটে পানি নিষ্কাশন করা হচ্ছে এবং নতুন বাঁধ নির্মাণ ও মেরামতের কাজ চলছে। কৃষকদের ফসলের ক্ষতি কমাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
লুৎফুজ্জামান বাবর বলেন, ‘আল্লাহর রহমতে এ বছর হাওরে ভালো ফলন হয়েছে। কৃষকরা যাতে দ্রুত ধান কেটে ঘরে তুলতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় জেলেদের উদ্দেশ্যে তিনি বৈশাখ থেকে সেপ্টেম্বর পর্যন্ত পোনা মাছ না ধরার আহ্বান জানান। পোনা সংরক্ষণে স্থানীয়ভাবে কমিটি গঠন এবং অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।
এছাড়া এলাকায় মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
পরে উপজেলার বালালী গ্রামের সামনে তলার হাওরে সাম্প্রতিক শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বোরো ধানের জমি পরিদর্শন করেন তিনি।
দিনব্যাপী কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
এমএস/